সিলেট সফরে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সিলেট সফরে আসছেন। এ সফরকে কেন্দ্র করে সিলেটের জাতীয়তাবাদী ঘরানার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে মির্জা ফখরুল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। পরে বেলা সোয়া ২টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সিলেটে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে সন্ধ্যার দিকে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন বলে জানা গেছে।
এই সফরকে ঘিরে সিলেটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বার্তা ও কর্মপরিকল্পনার ইঙ্গিত দিতেই পূণ্যভূমি সিলেট থেকে এই সফর শুরু করছেন বিএনপির মহাসচিব।























