শ্যামনগরে পিতাপুত্রসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
- আপডেট সময় : ০৪:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দাখিল করা সাতটি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে চারটি বাতিল এবং তিনটি বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ. এম. গোলাম রেজা ও তাঁর ছেলে, জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার গ্রুপ) প্রার্থী হোসেইন মুহাম্মদ মায়াজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এইচ. এম. গোলাম রেজার মনোনয়নপত্র ঋণ খেলাপি থাকার কারণে বাতিল করা হয়েছে। হোসেইন মুহাম্মদ মায়াজের মনোনয়নপত্র দলীয় অনুমোদন সংক্রান্ত জটিলতার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাঁর হলফনামায় ভোটারসংক্রান্ত তথ্যের অসঙ্গতি থাকায় রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন। জাতীয় পার্টির (জি. এম. কাদের গ্রুপ) প্রার্থী আব্দুর রশীদের মনোনয়নপত্রও আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বৈধতা পায়নি।
অপরদিকে, যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী), ড. মনিরুজ্জামান মনির (বিএনপি) এবং এস. এম. মোস্তফা আল মামুন মনির (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

















