প্রত্যেক ভোটার এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশাবাদী: মেজর হাফিজ উদ্দিন
- আপডেট সময় : ১১:০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রত্যেক ভোটার এবার আশা নিয়ে আছেন যে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
শনিবার (৩ জানুয়ারি) ভোলা রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দীর্ঘদিন পর মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে। এই নির্বাচনের ওপর দেশবাসীর আস্থা রয়েছে এবং সবাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অপেক্ষায় আছে।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ১৬ বছর আগে যারা তরুণ ভোটার হয়েছিল, তারা এতদিন ভোট প্রয়োগ করতে পারেনি। স্বৈরশাসনের কারণেই মানুষ এই মৌলিক অধিকার হারিয়েছিল। এবার সেই অবস্থা থেকে মুক্তির আশা দেখছে ভোটাররা।
তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন দেশবাসীকে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে।
এসময় তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই কয়েকজন প্রার্থী হত্যার শিকার হয়েছেন, যা জনমনে আতঙ্ক তৈরি করেছে। তিনি বলেন, আগামী নির্বাচনের বাকি সময়ে আরও হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। তার দাবি, এসব কর্মকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হচ্ছে এবং ভারতের বিভিন্ন জায়গায় তাদের জন্য আশ্রয়স্থল তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে নিষ্ঠুর স্বৈরশাসক হিসেবে পরিচিত শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে—এটাই তাদের প্রত্যাশা।
এসময় ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















