নীলফামারীতে বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মে দুই দোকানিকে জরিমানা
- আপডেট সময় : ১২:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

নীলফামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি দোকান থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাসি খাবার ডিপ ফ্রিজে সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, ঢাকাইয়া হোটেলকে ৭ হাজার টাকা এবং মদন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

















