গাজীপুর-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
- আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মোট ১০ জন প্রার্থীর মধ্যে এই তিনজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচনী প্রতিযোগিতায় থাকছেন সাতজন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন, গোলাম সাকির আলী এবং ইসলামিক ঐক্য জোটের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, কাগজপত্রে ত্রুটি এবং নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও নিয়মতান্ত্রিক প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় রাখা সম্ভব হচ্ছে, যা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















