কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ট্রাক্টর জব্দ, মালিককে এক লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৫:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু বহনে ব্যবহৃত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নেতরার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মোরশেদ আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেতরার বাজার সংলগ্ন এলাকা থেকে নদী থেকে উত্তোলিত বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে ট্রাক্টর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাক্টর মালিক মোরশেদের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ, নদীর স্বাভাবিক প্রবাহ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

















