কালকিনিতে শিক্ষক পরিবারের ওপর হামলার অভিযোগ
- আপডেট সময় : ০৩:৩১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে আব্দুল জব্বার খান (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার পরিবার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ হামলার ঘটনায় ওই শিক্ষকসহ তার পরিবারের তিনজন সদস্য আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার বাঁশগাড়ী এলাকার আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার বলেন, জমি-জমা নিয়ে আমাদের এলাকার সাহজাহান খানের সঙ্গে দীর্ঘদিন যাবত আমাদের বিরোধ চলে আসছে। এর জের ধরে কথার কাটা-কাটির এক পর্যায়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি, আমার স্ত্রী নাজমা বেগম ও আমার মেয়ে নুসরাত জাহান মুক্তা আহত হয়। তাই আমরা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল ইসলাম জানান, শিক্ষক পরিবারের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


















