চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে শহীদ ইশমামুল হকের ভাই আহত
- আপডেট সময় : ০৪:০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক (২২) আহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার বটতলী স্টেশনসংলগ্ন আইস পার্কের সামনে এ ঘটনা ঘটে।
আহত মুহিবুল হক লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত নুরুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইস পার্কের সামনে মুহিবুল হকসহ কয়েকজন সহপাঠী দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জিহাদ ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিনহাজ মোটরসাইকেলে করে সেখানে আসেন। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করার চেষ্টা করেন।
পরে থানায় নেওয়ার উদ্দেশ্যে প্রথমে ছাত্রলীগ নেতা জিহাদকে ব্যাটারিচালিত রিকশায় তোলা হলে হাতাহাতিতে তিনি আহত হন। এরপর ছাত্রলীগ নেতা মিনহাজকে রিকশায় তোলার সময় মুহিবুল হকের পেছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিনহাজ। ছুরিকাঘাতে মুহিবুল হকের নিতম্বে গুরুতর জখম হয়।
এদিকে জিহাদকে থানায় নেওয়ার পথে রশিদেরপাড়া এলাকায় পৌঁছালে তিনি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পরে আহত মুহিবুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে আনা হয় এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল। ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


















