কুমিল্লা
ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জসিম উদ্দিন নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল উত্তোলন ও বিক্রির প্রমাণ পাওয়ায় জসিম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, লালমাই উপজেলার নয়টি ইউনিয়নেই ফসলি জমির টপসয়েল কাটার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু বলেন, ‘পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ মাটিকাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে।’ তিনি জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















