গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়
সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বরাবরের মতো এবারও সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হবে। তিনি জানান, দু-এক দিনের মধ্যে তারেক রহমান দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব নেওয়ার পর তিনি সিলেট সফর করবেন।
রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫-১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই সময়ে ইলিয়াস আলীসহ প্রায় ১৭শ নেতাকর্মীকে গুম করা হয়েছে। সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। মানুষের প্রতিরোধের মুখে তারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হওয়া দলের শীর্ষ পদ প্রসঙ্গে তিনি বলেন, এই শূন্যতা পূরণে তারেক রহমানকেই চেয়ারম্যান করা হবে।
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপি শুরু থেকেই নির্বাচনের পক্ষে ছিল। নির্বাচন নিয়ে নানা আশঙ্কার কথা শোনা গেলেও বিএনপি দল হিসেবে কোনো শঙ্কা অনুভব করছে না।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন তার নিজস্ব পথে এগিয়ে যাচ্ছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে।
নাগরিকদের মৌলিক চাহিদার কথা তুলে ধরে তিনি বলেন, সুশাসন, ন্যায়বিচার ও গণমাধ্যমের স্বাধীনতাই মানুষের প্রধান প্রত্যাশা। গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠে না, মানুষের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমেই তা প্রতিষ্ঠিত হয়।
মব জাস্টিস নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মব জাস্টিসের প্রবণতা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে।
সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে যে সুযোগ তৈরি হয়েছে, সেটি কাজে লাগাতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। আমরা একটি কার্যকর ও গণতান্ত্রিক সংসদ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনের প্রার্থী আলহাজ এম এ মালেক, সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।























