ডিমলার বিজয় চত্বরে বখাটেদের উৎপাত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- আপডেট সময় : ০২:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ‘বিজয় চত্বর’ সম্প্রতি নানা অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, নারী ও পরিবারগুলোর জন্য নিরাপদ মিলনস্থল হিসেবে পরিচিত এই এলাকায় স্মৃতিস্তম্ভ, উন্মুক্ত পাবলিক লাইব্রেরি এবং শিশুদের খেলার সরঞ্জাম রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইদানীং সন্ধ্যার পর কিছু বখাটে যুবক বিজয় চত্বরে জড়ো হয়ে প্রকাশ্যে মাদক সেবন করছে। পাশাপাশি স্কুলগামী ছাত্রীদের ইভটিজিং, অশালীন মন্তব্য এবং বিশৃঙ্খল আচরণের ঘটনাও ঘটছে। এতে নারীদের এবং অভিভাবকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এক ব্যবসায়ী বলেন, ‘বিজয় চত্বর একটি ঐতিহাসিক ও পবিত্র স্থান। কিন্তু এখন সন্ধ্যার পর পরিবেশ অস্বস্তিকর হয়ে যায়। পরিবার নিয়ে আসতেও ভয় লাগে।’
স্থানীয়রা দাবি করছেন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং নিয়মিত নজরদারির অভাবের কারণে এসব অনিয়ম বৃদ্ধি পাচ্ছে। তারা পুলিশের টহল জোরদার করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা বৃদ্ধি এবং বখাটেদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
সচেতন মহল মনে করছেন, শহীদদের স্মৃতিবিজড়িত বিজয় চত্বরকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

















