শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল
- আপডেট সময় : ০২:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দাখিল না করায় প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, ফাহিম চৌধুরীর ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিল সংক্রান্ত বৈধ কাগজপত্র এবং দ্বৈত নাগরিকত্ব না থাকার প্রমাণপত্র বাছাইয়ের সময় অনুপস্থিত ছিল। নির্বাচনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রার্থী বিকেল ৫টা পর্যন্ত প্রয়োজনীয় নথি দাখিল করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র না দিলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপিল প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী প্রয়োজনীয় নথি জমা দিলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
শেরপুর জেলার তিনটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শনিবার বাছাই কার্যক্রমে বিভিন্ন কারণে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও একজনের স্থগিত করা হয়েছে।

















