বরিশালে বিএনপি সহ ১০ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ৬ জনের বাতিল
- আপডেট সময় : ০১:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

বরিশাল জেলার ছয়টি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিনটি আসনের মধ্যে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং আটজনের মনোনয়ন স্থগিত করা হয়। এর আগে শুক্রবার (২ জানুয়ারি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে তিনটি আসনে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল ও আরও দুইজনের স্থগিত করা হয়।
বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত জহির উদ্দিন স্বপন, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রাসেল সরদার মেহেদী। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানের আয়কর সমস্যা থাকায় মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
বরিশাল-২ (বানারীপাড়া ও উজিরপুর) আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, একজনের বাতিল ও পাঁচজনের স্থগিত রাখা হয়েছে। স্থগিত প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়কর বিষয়ক সমস্যা সবচেয়ে বড় অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজনের মনোনয়ন বাতিল এবং দুইজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। স্থগিত প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি ও বাসদ মনোনীত প্রার্থীর দলীয় অঙ্গীকারনামা বা স্ট্যাম্প সমস্যা দেখা দিয়েছে।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা পুনরায় আপিল করতে পারবেন। স্থগিত থাকা প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাই করে আগামী রবিবার (৪ জানুয়ারি) সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

















