সুন্দরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে

২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. আল মুজাহিদ সরকার।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, কৃষি উদ্যোক্তা ফারজানা ববি রজনী, তরুণ উদ্যোক্তা রাসেল সরকার ও পরিতোষ কুমার প্রমুখ।
বক্তারা বলেন, কৃষিকে আধুনিক, টেকসই ও লাভজনক খাতে রূপান্তর করতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। অতিরিক্ত কীটনাশক ও বালাইনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষিভিত্তিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।




















