ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা
- আপডেট সময় : ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের চান্দুরা–বুধন্তি একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের আশুগঞ্জ, সরাইল এবং নিজের জন্মস্থান বিজয়নগরের মানুষের সঙ্গে রুমিন ফারহানার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। এসব এলাকায় তার উল্লেখযোগ্য জনপ্রিয়তা এবং কর্মী-সমর্থক রয়েছে বলে জানা গেছে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া–২ আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। গত সপ্তাহে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রকাশ্যে ঘোষণা দেন যে, তিনি সরাইল–আশুগঞ্জ আসন থেকেই নির্বাচন করবেন। মঙ্গলবার তিনি মোবাইল ফোনে দৈনিক জনকণ্ঠকে একই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি নির্বাচনে অংশ নিই, জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
এদিকে বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল-হাবীবকে চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা আশরাফ উদ্দিন মাহদী নির্বাচন করবেন বলে জানা গেছে।


















