হবিগঞ্জে কৃষি জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
- আপডেট সময় : ০৩:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাইর সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষি জমি সংক্রান্ত বিরোধ এবং এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে উভয় পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


















