‘গোপন বৈঠক’ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী আটক
- আপডেট সময় : ০৯:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীতে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৩ মে) রাত ৯টার দিকে নগরীর হালিশহর এলাকার নয়াবাজার বিশ্বরোড সংলগ্ন ‘তায়েফ’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা সেখানে গোপনে বৈঠক করছিলেন। আগে থেকেই তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ‘গত ২৫ এপ্রিল নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়েছিল। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় এসব কর্মসূচি হয়।’
তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের এসব কার্যক্রম আমরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছি। এরই ধারাবাহিকতায় গোপন বৈঠকে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

























