ইনিংস ব্যবধানে জয় পূর্বাঞ্চলের, বিসিএলে একপেশে শুরু রাউন্ড
- আপডেট সময় : ০৯:৩৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

সিলেটের দুই ভেন্যুতে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর প্রথম রাউন্ড একতরফা আধিপত্যেই শেষ হয়েছে। একাডেমি মাঠে ইনিংস ব্যবধানে বড় জয় পেয়েছে পূর্বাঞ্চল, আর মূল মাঠে দক্ষিণাঞ্চলকে বড় ব্যবধানে হারিয়েছে উত্তরাঞ্চল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে মধ্যাঞ্চলের বিপক্ষে ইনিংস ও ৫৩ রানের জয় পায় পূর্বাঞ্চল। ম্যাচের শেষ দিন প্রথম ঘণ্টাতেই ফল নির্ধারিত হয়ে যায়।
প্রথম ইনিংসে ৩০৭ রান করা মধ্যাঞ্চলের বিপরীতে পূর্বাঞ্চল ৪৬৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ব্যাট হাতে বড় অবদান রাখেন অমিত হাসান (১৬২), পাশাপাশি মুশফিকুর রহিম, ইয়াসির আলী ও মাহমুদুল হাসান অর্ধশতক করেন।
দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ভেঙে পড়ে মধ্যাঞ্চল। শেষ পর্যন্ত তারা মাত্র ১০৩ রানে অলআউট হয়। সর্বোচ্চ ২২ রান করেন মোসাদ্দেক হোসেন।
বোলিংয়ে দাপট দেখান ইবাদত হোসেন, যিনি নেন ৪ উইকেট। এছাড়া খালেদ আহমেদ ৩ উইকেট এবং হাসান মুরাদ ২ উইকেট শিকার করেন।
অন্য ম্যাচে আরও আগেই জয় নিশ্চিত করে উত্তরাঞ্চল। আকবর আলী ও প্রিতম হাসানের জোড়া সেঞ্চুরিতে তারা দক্ষিণাঞ্চল-কে ১০ উইকেটে হারায়। আকবর আলী ও প্রিতম হাসান জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শুরু থেকেই।
বিসিএলের প্রথম রাউন্ডেই স্পষ্ট হয়ে গেছে দুই ভেন্যুতেই ব্যাট ও বল হাতে আধিপত্য দেখিয়েছে জয়ী দলগুলো।























