সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠা বার্ষিকীতে কলেজভিত্তিক পাঠচক্র ও বই আড্ডার সূচনা
- আপডেট সময় : ০৬:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

সৃজনশীল গাইবান্ধার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজভিত্তিক পাঠচক্র ও বই আড্ডা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার আত্হার মিহদা তুবা, হিসাব সহকারী রঞ্জন দেবনাথসহ বইপ্রেমী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব, জ্ঞানচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং তরুণ সমাজকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বইকে মানবজীবনের শ্রেষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে নিয়মিত পাঠচর্চার আহ্বান জানান।
সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ‘একটি আলোকিত সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক, হতাশা ও নেতিবাচকতা থেকে দূরে রাখতে পাঠচক্র ও বই আড্ডার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রজেক্ট অফিসার আত্হার মিহদা তুবা বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, বিশ্লেষণী ক্ষমতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বই পড়ার অভ্যাস অত্যন্ত জরুরি। আমরা চাই এই কার্যক্রম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক।’
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।
উল্লেখ্য, সৃজনশীল গাইবান্ধা দীর্ঘদিন ধরে জেলায় শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় কলেজভিত্তিক এই নতুন কার্যক্রম শুরু করা হয়েছে।


















