গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
- আপডেট সময় : ১১:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ লাবনী আক্তার (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।
গ্রেফতার লাবনী আক্তার বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর (মুন্সিপাড়া) এলাকার আবুল কালামের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথা মায়ামনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় লাবনী আক্তারকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার লাবনী আক্তারকে জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
আদালতের কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই) শরীফ উদ্দিন জানান, শুনানি শেষে বিচারক লাবনী আক্তারকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
















