লোহাগাড়ায় এসএসসি ২০২৬: বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত, কঠোর নিরাপত্তা বলয়ে কেন্দ্র
- আপডেট সময় : ০৫:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র লোহাগাড়া ০৩”(কোড-১২৭)-এ আজ এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৮৪ জন। এর মধ্যে ছাত্র ৩৪৬ জন এবং ছাত্রী ৫৩৮ জন। পরীক্ষার দিনে অনুপস্থিত ছিল মোট ১৩ জন পরীক্ষার্থী—২ জন ছাত্র ও ১১ জন ছাত্রী।
পরীক্ষা উপলক্ষে কেন্দ্রজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন্দ্রের আশপাশে বহিরাগতদের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
বিশেষভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জলিলকে। তিনি নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে কেন্দ্র এলাকায় নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তার তৎপরতায় কেন্দ্রজুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন কেন্দ্রের সার্বিক কার্যক্রম তদারকি করেন। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও দফায় দফায় কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মতে, এবারের এসএসসি পরীক্ষা পূর্বের তুলনায় অনেক বেশি কঠোর ও নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তারা মনে করছেন, নকল বা অনিয়মের কোনো সুযোগ না থাকায় পরীক্ষার মান আরও উন্নত হবে, যদিও পাশের হার কিছুটা কমতে পারে।
সব মিলিয়ে, বাংলা প্রথম পত্র পরীক্ষা লোহাগাড়ায় সুশৃঙ্খল, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।


















