নাফিস-জয়দের শিমলায় স্বর্ণ জয়
- আপডেট সময় : ০৪:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

দক্ষিণ এশীয় পর্যায়ের টেবিল টেনিসে আবারও সাফল্যের পতাকা উড়াল বাংলাদেশ। ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ’-এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে অনূর্ধ্ব-১৯ বালক দল।
এই জয়ের মাধ্যমে আগামী জুনে ওমানের মাস্কাটে অনুষ্ঠেয় এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতাও অর্জন করেছে বাংলাদেশ।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের পয়েন্ট সমান হলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে আসে লাল-সবুজের দল।
ম্যাচে শুরুতে বিকেএসপির আবুল হাসেম হাসিব ২-৩ গেমে হেরে গেলেও পরে নাফিস ইকবাল ও জয় ইসলাম নিজেদের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় এনে দেন। এরপর অধিনায়ক নাফিস ইকবাল ৩-১ গেমে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।
এর আগে ২০২২ সালে মালদ্বীপে প্রথমবার এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এরপর একাধিক আসরে রৌপ্য ও ব্রোঞ্জ পেলেও এবার আবারও শীর্ষে ফিরল দলটি।
টুর্নামেন্টের একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট শুরু হবে শুক্রবার ও শনিবার।























