সুন্দরগঞ্জে গণসংযোগে মাঠে নেমেছেন বিএনপি প্রার্থী ডাক্তার জিয়া
- আপডেট সময় : ০২:৩৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া গণসংযোগে মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
পরে সন্ধ্যায় ঢাকা থেকে এলাকায় ফিরে উপজেলার মাঠেরহাট, ধর্মপুর, সীচাবাজার, পাঁচপীরহাট, বেলকা, ধুবনী, শোভাগঞ্জ, বালারছিরা, ধনিয়ারকুড়া, ময়েজ মিয়ার হাট, বামনডাঙ্গা, হাসানগঞ্জ, ফলগাছাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পাশাপাশি পৌরশহরের ব্যস্ত বাজার, বিভিন্ন পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন ডা. জিয়া। এ সময় তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ডা. জিয়াউল ইসলাম জিয়া বলেন, ‘বিএনপি এখন স্থানীয় পর্যায়ে অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও সুসংগঠিত ও শক্তিশালী। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, যদি কোনো ষড়যন্ত্র ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সুন্দরগঞ্জ আসনে বিএনপির বিজয় নিশ্চিত। জনগণই দেশের মালিক, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই লড়াই।’
তিনি আরও বলেন, ‘সুন্দরগঞ্জ বহু বছর ধরে অবহেলিত। এখানকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। ক্ষমতায় গেলে সবচেয়ে আগে অবহেলিত অঞ্চলের রাস্তা-ঘাট, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও নদীভাঙন রক্ষায় বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সুন্দরগঞ্জের মানুষের মুখে হাসি ফিরিয়ে আনাই হবে আমার প্রধান অঙ্গীকার।’
গণসংযোগে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, বিএনপি নেতা ও কঞ্চিবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনোয়ারুল আলম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাত উল ইসলাম, শান্তিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভাটিকাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রফিক মিয়া, তারাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহজাহান কিবরিয়া নয়ন, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর দেওয়ান, সোনারায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আজম, সদস্য সচিব মতিয়ার রহমান, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আখতারুজ্জামান রাজুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।























