চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় আটক ৩
- আপডেট সময় : ০৬:২৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসেবনরত অবস্থায় তিন যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রবিবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের পাথিয়াপাড়া এলাকায় এসআই ইব্রাহিম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনজনকে গাঁজাসেবনের সময় হাতেনাতে আটক করা হয়।
পরে দিনাজপুরের চিরিরবন্দর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী সামরীর ট্রায়ালে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নশরতপুর গ্রামের মছুয়াপাড়ার আকানুল্লাহর ছেলে মো. খতিবুর রহমান (৩০), পুরানপাড়ার শতকত আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (২৯) এবং মতিয়ার রহমানের ছেলে মো. রাশেদ ইসলাম (২০)।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।























