শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেলেন সুন্দরগঞ্জের নারী উদ্যোক্তা চন্দনা রাণী
- আপডেট সময় : ০৭:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে গাইবান্ধা জেলায় বহুমুখী সমবায় সমিতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন চন্দনা রাণী। তিনি সুন্দরগঞ্জ উপজেলার ‘রূপালী সোশ্যাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর সভাপতি।
রোববার (৮ নভেম্বর) ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সকালে জেলা শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. মো. মনিরুজ্জামান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে সমবায় আন্দোলনের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টুটুল, জেলা সমবায় কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভা শেষে সমবায় খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সফল সমবায় সমিতিগুলোর মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। এ সময় বহুমুখী সমবায় সমিতি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে চন্দনা রাণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে চন্দনা রাণী বলেন, ‘গাইবান্ধা জেলায় বহুমুখী সমবায় সমিতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার একার অর্জন নয়, এটি রূপালী সোশ্যাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সঙ্গে যুক্ত সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সমবায়ের মাধ্যমে মানুষের সঞ্চয়, আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যেতে চাই। এই সম্মাননা আমাকে আগামী দিনে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’














