গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিক গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। অন্যদিকে, মাসুদ রানা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরে নিজ বাড়ির পশ্চিম পাশে ছোট ভাই আব্দুল হামিদের তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা সভাপতি ও দপ্তর সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
















