গাইবান্ধায় ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরিদ মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়।
গ্রেপ্তার ফরিদ মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুলালীর ভিটা গ্রামের মৃত আনছার আলী ও মোছা. ধলী বেগম দম্পতির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ডিএনসির একটি দল সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দুলালীর ভিটা গ্রামে ফরিদ মিয়ার নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারিতে কাপড়ের ভেতর রাখা ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মধ্যে তিনটি সাদা রঙের জিপারযুক্ত পলিব্যাগে ৫০ পিস করে মোট ১৫০ পিস কমলা রঙের এবং অন্য একটি পলিব্যাগে ৪০ পিস লাল রঙের ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৯ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার টাকা।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
















