সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে এগিয়ে এলেন ডা. জিয়া
- আপডেট সময় : ০৫:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে ব্যক্তিগত আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সংস্কারকাজের জন্য তিনি উপজেলা প্রশাসন সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা সুরেন সরকারের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ঈফফাত জাহান তুলি, জামায়াতের উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে. এম. ইফতেখারুল ইসলাম, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আলীর ও সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিভিন্ন অংশে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধনের দরকার। সে কারণেই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
ডা. জিয়া বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত স্থাপনাগুলো সংরক্ষণ করা সবার দায়িত্ব। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সংস্কারকাজে সহযোগিতা করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা সুরেন সরকার ডা. জিয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি সংস্কারের মাধ্যমে আরও সুন্দর ও কার্যকর করা প্রয়োজন। সংস্কারকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি সব বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে ডা. জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

























