কৃষি সচিব হলেন কথিত ‘উত্তরা ষড়যন্ত্রের’ আসামি মোঃ সেলিম খান
- আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছেন ১৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ সেলিম খান। গত ১১ আগস্ট অতিরিক্ত সচিব থেকে সচিব পদে তাকে কৃষি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
বিগত সরকারের আমলে চরম বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করা এই কর্মকর্তা ২০০৭ সালের আলোচিত ‘উত্তরা বৈঠক’কে কেন্দ্র করে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন।
২০০৭ সালের ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের কিছুদিন আগে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে বিএনপি সরকারের তৎকালীন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সঙ্গে সেখানে একটি গোপন বৈঠক হয় বলে সে সময় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই আমলা বৈঠকে তৎকালীন সিনিয়র সহকারী সচিব মো. সেলিম খান উপস্থিত ছিলেন বলে বিভিন্ন পত্রিকায় তার নাম প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
সেলিম খান ৯০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন সার্ভিসে যোগ দেন।
চাকরিজীবনে ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি বিএনপিপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সরকারের রোষানলে পড়েন বলে অভিযোগ রয়েছে। বিএনপিপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিতির কারণে তাকে চারবার পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করা হয়।
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় ভয়াবহভাবে আক্রান্ত বরগুনার পাথরঘাটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন সেলিম খান। ওই সময় তিনি দক্ষতার সঙ্গে উপজেলার দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করেন বলে সংশ্লিষ্টরা জানান।
এ ছাড়া তিনি ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক হিসেবে আট বছর, গাজীপুর পৌরসভা ট্রাস্টে ছয় বছর দায়িত্ব পালন করেন। চাকরিজীবনের এক পর্যায়ে এক বছর ওএসডি হিসেবেও ছিলেন।
৫ আগস্টের পর ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন সেলিম খান। সর্বশেষ গত ১১ আগস্ট তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে কৃষি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।























