জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এনসিপি বয়কটের স্লোগান, উত্তেজনা ও হাতাহাতি
- আপডেট সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদানের আনুষ্ঠানিকতার মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়াম। এনসিপি বয়কটের স্লোগানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ২৫২টি পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট এবং উন্নত জাতের একটি করে আমগাছের চারা বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। এছাড়া জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জুলাই যোদ্ধা আমিনুল হক, রিয়াদ হাসান রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে এনসিপির গাইবান্ধা জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি স্টেডিয়ামে প্রবেশ করলে উপস্থিত কয়েকজন জুলাই যোদ্ধা প্রথমে ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ ‘এনসিপি বয়কট’ স্লোগান দিলে আশপাশে থাকা আরও কয়েকজন একই স্লোগানে যোগ দেন। এতে এনসিপির নেতাকর্মীরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি দ্রুত ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠান পুনরায় শুরু হয়।
জুলাই যোদ্ধাদের দাবি, এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদির উপস্থিতিকে কেন্দ্র করেই এ স্লোগান দেওয়া হয়। খাদেমুল ইসলাম খুদি জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছিলেন এবং দলটির প্রতীক ‘মশাল’ নিয়ে একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে তিনি যোগ দেন।
জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ বলেন, ‘জুলাই যোদ্ধাদের নিয়ে কেউ অসম্মানজনক আচরণ করলে আমরা চুপ থাকব না। আজ আমাদের অসম্মান করা হয়েছে বলেই প্রতিবাদ হিসেবে এই স্লোগান দিয়েছি।’
এনসিপির গাইবান্ধা জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, ‘যারা এনসিপি বয়কটের স্লোগান দিয়েছে, তারা হয়তো কোনো ক্ষোভ বা অভিমান থেকে এমনটি করেছে। এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার রয়েছে।’





















