গাইবান্ধায় কোরআন অবমাননার অভিযোগে আটক ১
- আপডেট সময় : ০৯:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে পবিত্র কোরআন অবমাননা ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামে এক ব্যক্তিকে
করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটক আবু হানিফ ওরফে নিউটন উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর (যোগীবাড়ী) গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের উত্তরপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ, স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, আবু হানিফ দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন।
এ ঘটনায় রোববার সকালে সাদুল্লাপুর উপজেলা ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জাহেদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে যোহরের নামাজের পর ইমাম-ওলামা ও স্থানীয় মুসল্লিরা সাদুল্লাপুর থানা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলার বড় জামালপুর এলাকা থেকে আবু হানিফকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’





















