সাদুল্লাপুরে ৫০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস
- আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ৫০টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৎস্য বিভাগ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারপাড়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেশীয় মাছ ও রেনুপোনা নিধনে ব্যবহৃত ৫০টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়।
মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু জেলে এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে দেশীয় প্রজাতির ছোট-বড় মাছ ও রেনুপোনা আহরণ করে আসছিল। এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলাশয়ের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছিল।
অভিযান শেষে জব্দ করা জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন বলেন, ‘দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। জেলেদের আইন মেনে মাছ ধরার আহ্বান জানানো হচ্ছে।’
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘দেশীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ উপায়ে মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’





















