গাইবান্ধায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ১১:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুই গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. শাহজাহান আলী (৪৪) এবং একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. মানিক মৃধা (৪২)।
পুলিশ জানায়, রোববার (২৬ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সুসংক শিখর ব্যানার্জির নেতৃত্বে পুলিশের একটি দল শাহজাহান আলী ও মানিক মৃধাকে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি চালিয়ে শাহজাহান আলীর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে এক গ্রাম এবং মানিক মৃধার প্যান্টের ডান পকেট থেকে এক গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ছয় হাজার টাকা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহজাহান আলীর বিরুদ্ধে এর আগে মাদক আইনে দুটি মামলা রয়েছে। অপরদিকে মানিক মৃধার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা এবং একটি প্রতিরোধমূলক গ্রেফতারের রেকর্ড রয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।’





















