লোহাগাড়া থানার ব্যারাকে এসআইয়ের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. আজিজুল হক থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. আজিজুল হক শনিবার (১৮ জুলাই) দিবাকালীন দায়িত্ব পালন শেষে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে থানা কম্পাউন্ডে অবস্থিত নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। পরদিন সকাল প্রায় ১১টার দিকে সরকারি প্রয়োজনে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরে সহকর্মীরা তাঁর কক্ষে গিয়ে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাঁকে বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গায়ে হাত দিয়ে পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যায়, তিনি আগেই মারা গেছেন। এ সময় তাঁর শরীর ঠান্ডা ও শক্ত হয়ে গিয়েছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ১২টা ৩০ মিনিটের পর কোনো এক সময়ে তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে।
মো. আজিজুল হকের পৈতৃক বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামে। তাঁর পিতা মৃত আনোয়ারুল হক এবং মাতা নাছিমা খাতুন। বর্তমানে তাঁর পরিবারের ঠিকানা যশোর সদর উপজেলার আরৎপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকায়।
এদিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ এসআই মো. আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এসআই মো. আজিজুল হকের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ওসি আরও জানান, থানার প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করে নিজ জেলা সাতক্ষীরার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এসআই মো. আজিজুল হকের আকস্মিক মৃত্যুতে লোহাগাড়া থানা পুলিশসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের ভাষ্য, তিনি একজন সৎ, দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পুলিশ বাহিনী একজন নিষ্ঠাবান সদস্যকে হারালো।





















