গোবিন্দগঞ্জে ঝটিকা মিছিলের পর সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ১১:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

গভীর রাতে ঝটিকা মিছিল করার পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা মো. লাবিব হাসান (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার লাবিব হাসান গোবিন্দগঞ্জ উপজেলার ৭ নম্বর তালুককানুপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার এলাকায় গোপালগঞ্জের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন লাবিব হাসান।
মিছিলের পর একই রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট মামলায় আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘বিশেষ অভিযানের অংশ হিসেবে লাবিব হাসানকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’



















