সুন্দরগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অপহরণ হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চলকে (২২) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার শিশির আহম্মেদ চঞ্চল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার মনতোলা জোড়গাছ এলাকার শহিদুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রী সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আলহাজ্ব হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের সময় শিশির আহম্মেদ চঞ্চল তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। ভুক্তভোগী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে মেয়েটির পরিবার অভিযুক্তের পরিবারের কাছে অভিযোগ করলে তারা ক্ষুব্ধ হন।
গত ১৭ মে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিশির আহম্মেদ চঞ্চল ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে অপহরণ করে অটোরিকশাযোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলার মনতোলা জোড়গাছ এলাকায় নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ১৯ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে এবং প্রধান আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র্যাব। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপতারা বাজার এলাকা থেকে প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চলকে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















