গোবিন্দগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামের মৃত জহিদুর মিয়ার ছেলে হযরত আলী (৬০) এবং পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর (মহিষগাড়া) গ্রামের আব্দুস সালামের স্ত্রী শাহানাজ বেগম (৪৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল পৌরশহরের মায়ামনি চারমাথা মোড়ে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’





















