গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দুই সহোদর ভাই গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ঘোলদহ গ্রামের মৃত মজিবর রহমানের দুই ছেলে মো. আলমগীর হোসেন (৩৮) ও মো. আনিসুর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল আনিসুর রহমানের বাড়ির সংলগ্ন ঢালাই সড়কে মাদক কেনাবেচার সময় দুই ভাইকে আটক করে।
তল্লাশিকালে আলমগীর হোসেনের প্যান্টের পকেটে থাকা একটি কালো জিপার প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা এবং আনিসুর রহমানের কাছে থাকা আরেকটি কালো জিপার প্যাকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ১০০ পিস।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘এ ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই সহোদরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’





















