গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়িতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজহারুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।
গ্রেফতার মাজহারুল ইসলাম ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের কানিপাড়া গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের কানিপাড়া গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানকালে নিজ বাড়ির খোলা বারান্দায় মাদক কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মাজহারুল ইসলাম। পরে ডিবির সদস্যরা তাকে আটক করেন।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে থাকা একটি নীল রঙের জিপার প্যাকেট থেকে ১০৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘এ ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।’
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’



















