গাইবান্ধায় ২১ বোতল এসকাফ ও ৪ লাখ ৬৪ হাজার টাকাসহ দম্পতি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের মো. মিলন মোল্লা (৪২) ও তার স্ত্রী মোছা. লিপি বেগম (৩৫)।
র্যাব জানায়, শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ২১ বোতল এসকাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকাসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে গাইবান্ধাসহ আশপাশের জেলায় সরবরাহ করতেন।
র্যাব আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





















