পানিবন্দী মানুষের খোঁজে মেয়র ও এমপি
- আপডেট সময় : ০৫:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পানিবন্দী মানুষের খোঁজখবর নিতে নগরীর চান্দগাঁওসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
শুক্রবার তারা চান্দগাঁও হাজীরপোল, চান্দগাঁও আবাসিক এলাকা, বালুরটাল, অনন্যা আবাসিক এলাকা, শমসেরপাড়াসহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন।
এর আগে মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর অক্সিজেন, ওয়াজেদিয়া, কুয়াইশ, চাইল্যাতলী, হাজীপাড়া, আতুরার ডিপোসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পানি দ্রুত নিষ্কাশন, নালা-নর্দমা সচল রাখা এবং কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চসিক সবসময় থাকবে।
এ সময় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প দ্রুত শেষ করার দাবি জানান। মেয়র তাদের আশ্বস্ত করে বলেন, স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ চলছে এবং জনগণের দুর্ভোগ কমাতে সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।





















