সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩
- আপডেট সময় : ০৬:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার দুই যাত্রী সহ মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ওসি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘাতক বাসটিকে শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।





















