ভূঞাপুর শহরের যানজট নিরসনে নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপন
- আপডেট সময় : ১১:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভাকে যানজটমুক্ত, নিরাপদ ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন। এর অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ততম মোড় ও জনসমাগমস্থলে বিভিন্ন ট্রাফিক নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপনের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ মাহবুব হাসান।
সম্প্রতি তিনি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে বিলবোর্ড স্থাপনের কাজ তদারকি করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন।
পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত এসব বিলবোর্ডে যান চলাচলের নিয়ম, নির্ধারিত পার্কিং, নো-পার্কিং এলাকা, গতি নিয়ন্ত্রণ, পথচারী পারাপার, সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হবে। এসব নির্দেশনা চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শন শেষে ইউএনও ও পৌর প্রশাসক মোঃ মাহবুব হাসান বলেন, “ভূঞাপুর পৌরসভাকে যানজটমুক্ত ও বাসযোগ্য শহরে পরিণত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপনের মাধ্যমে চালক ও পথচারীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়বে। সবাই নিয়ম মেনে চললে যানজট অনেকাংশে কমানো সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “পৌরবাসীর সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই শতভাগ সফল হয় না। তাই সবাইকে নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করা, সড়ক দখল না করা এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, বাজার এলাকা, বাসস্ট্যান্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দীর্ঘদিন ধরে যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়। পৌর প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের যান চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপনের পাশাপাশি ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।





















