নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে রোহান মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রোহান মিয়া গাইবান্ধা সদর উপজেলার কামারজানি গ্রামের লুৎফর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে রোখসানা বেগম তার ছেলে রোহানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বুধবার বিকেলে রোহান বাড়ির উঠোনে খেলছিল। এক পর্যায়ে সবার অলক্ষ্যে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু রোহান ডুবে গেছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।’
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছাই। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’





















