গাইবান্ধায় অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু, দুইজন হাসপাতালে
- আপডেট সময় : ০৮:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ্যপানে সোহাগ মন্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৭ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সোহাগ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে সোহাগ মন্ডল, তার সহোদর ভাই সৈকত মন্ডল এবং একই গ্রামের মজিবর রহমান দেশীয় মদ পান করেন। এরপর তারা তিনজনই অসুস্থ হয়ে পড়লে রাতেই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মন্ডল মারা যান। অপর দুইজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















