গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়া রিপনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে

গাইবান্ধার বোনারপাড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়া রিপন মিয়া (৩৫) মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শনিবার (৬ জুন) বিকেলে বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিপন মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশনে যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের সিগন্যাল এলাকার কাছে দুর্ঘটনার শিকার হন রিপন।
এ সময় তিনি ট্রেন থেকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা ও রক্তক্ষরণ নিয়ন্ত্রণের পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বলেন, দুর্ঘটনায় রিপনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তরের পথে তিনি মারা যান।
তিনি আরও বলেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।



















