বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক
- আপডেট সময় : ১১:০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাবুরহাট বাজার এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কচুরিয়া এলাকার মধ্যে যোগাযোগ সহজ করতে বলেশ্বর নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে শুক্রবার (৫ জুন) সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
পরিদর্শনকালে তিনি নদীর অবস্থান, সংযোগ সড়কের অবস্থা এবং সেতু নির্মাণের সম্ভাব্যতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বলেশ্বর নদীর ওপর সেতু নির্মিত হলে পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি কার্যক্রম ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। বর্তমানে নদী পারাপারে নৌযানের ওপর নির্ভর করতে হওয়ায় সময় ও ব্যয় দুটোই বেশি লাগে। সেতুটি বাস্তবায়িত হলে দুই জেলার হাজারো মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত সেতু নির্মাণের বিষয়ে সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



















