গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১ জুন) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রায়তি নড়াইল গ্রামের মৃত ছমছেল আকন্দের ছেলে মো. আমিন আকন্দ (৫০) এবং একই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মো. আতিকুর রহমান (২০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ মে) দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে অভিযান চালানো হয়। এসময় আমিন আকন্দকে নিজ বাড়ির আঙিনা থেকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে মাদকগুলো জব্দ করা হয়। একই অভিযানে আতিকুর রহমানকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
ডিবির ওসি মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘আমিন আকন্দের বিরুদ্ধে মাদক আইনে মামলা এবং আতিকুর রহমানের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’



















