গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ১০:৪১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ মিয়া (১২) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জিহাদ মিয়া ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন। তিনি স্থানীয়দের বরাতে জানান, নিহত জিহাদের এক প্রতিবেশীর বাড়িতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া ছিল। দুপুরের দিকে জিহাদ ওই বাড়িতে বেড়াতে যায়। একপর্যায়ে সে চার্জে থাকা অটোরিকশায় গিয়ে বসে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, চার্জে দেওয়া অটোরিকশাটি আগে থেকেই বিদ্যুৎতায়িত ছিল। জিহাদ ভ্যানে বসে হ্যান্ডেল ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।



















