পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, উদ্ধার ৭ পাসপোর্ট
- আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এর আগে শনিবার (১৬ মে) পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির বিন শামস। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অভিযোগ রয়েছে, তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের পর তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।’
তিনি আরও জানান, আটক সাবেক এই কূটনীতিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

























